ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে যা বলছে কারা অধিদপ্তর

হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের নামে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।


পোস্টটি নিয়ে প্রশ্ন ওঠে, ফারুক খান কারাগারে থেকেই কীভাবে ফেসবুক ব্যবহার করলেন? কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন যে তার আইডি হ্যাক হয়েছে, আবার অনেকে মনে করেন অন্য কেউ তার নামে পোস্ট দিয়েছেন।


এ বিষয়ে কারা অধিদপ্তর সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, “আজ ফারুক খান নামের জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কারাগারে আটক সাবেক মন্ত্রী ফারুক খান এ ধরনের পোস্ট দিতে পারেন না। কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে আটক রয়েছেন।”


কারা অধিদপ্তর আরও জানায়, “বন্দিদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। তাই কারাগার থেকে ফারুক খান ওই পোস্ট করেছেন— এমনটি সম্ভব নয়। তবে তার আত্মীয়-স্বজন বা অন্য কেউ ওই আইডি পরিচালনা করছেন কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত নই। বিষয়টি তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।”


প্রসঙ্গত, ফারুক খানের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে লেখা হয়—


“অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু সব কিছু বলা সম্ভব নয়। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু তার হঠকারিতার জন্যই আজ আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ছাড়া রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

ads
ads
ads

Our Facebook Page

↑